
রাজধানীর দীর্ঘদিনের যানজট কমাতে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে সরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার পূর্বাঞ্চলের যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে যানজট নিরসনের লক্ষ্য সামনে রেখে স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আগামী চার মাসের মধ্যে কাঁচপুরে নতুন টার্মিনাল ব্যবহারের উপযোগী করে তোলার নির্দেশ দিয়েছে।
প্রকল্পের নির্মাণকাজ জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড’। এ কাজে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা।
প্রকল্পের আওতায় ৪ হাজার ১২ বর্গমিটার এলাকায় প্ল্যাটফর্ম ঢালাই ও টাইলস স্থাপন করা হবে। পাশাপাশি ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট ব্যবহার করে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, অফিস কক্ষ এবং প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো গড়ে তোলা হবে।
সংশ্লিষ্টদের মতে, কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলে যানবাহনের চাপ কমবে এবং সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।