
দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং রফতানি আয়ের অন্যতম চালিকাশক্তি হিসেবে বস্ত্রশিল্পকে উল্লেখ করে এ খাতের উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার, ২২ জুলাই সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বস্ত্রশিল্পের বর্তমান অবস্থা, রফতানি বাজারে সম্ভাবনা এবং খাতটির সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিটিএমএ নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরে খাতটির টেকসই উন্নয়নে সরকারের নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেন। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিসহায়তার বিষয়েও তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধানমন্ত্রী প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বস্ত্রশিল্পের উন্নয়ন ও বিকাশে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এ সময় তিনি বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা করে কার্যকর সমাধানের সুপারিশ দিতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন।
বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়াসহ আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।