
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে সরকার। প্রবাসে থাকা নাগরিকদের পাসপোর্টের ভুল বা প্রয়োজনীয় তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট প্রদান ও পুনঃইস্যু (রি-ইস্যু) সংক্রান্ত বিশেষ সুবিধার সময়সীমা আরও ৬ মাস বৃদ্ধি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে নেওয়া নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই বর্ধিত সেবা ও সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি প্রজ্ঞাপনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
জারিকৃত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্টজনিত সেবা কোনো রকম বিঘ্ন ছাড়া অব্যাহত রাখা এবং সার্বিক জনস্বার্থ বিবেচনা করেই সরকার পূর্বে ঘোষিত আদেশের মেয়াদ অতিরিক্ত ছয় মাস বাড়ানের সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের এই নির্দেশনার ফলে প্রবাসে বসবাসকারী যেসকল নাগরিকের পাসপোর্টে নিজের নাম, মা-বাবার নাম, জন্মতারিখ কিংবা অন্যান্য প্রশাসনিক তথ্যে গরমিল রয়েছে, তারা নির্ধারিত নতুন মেয়াদের মধ্যে সঠিক তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট গ্রহণ বা রি-ইস্যুর জন্য আবেদন জমা দিতে পারবেন।
সেবার সময়সীমা বৃদ্ধির পটভূমি ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের ৮ জুলাই জারি করা পূর্ববর্তী আদেশের মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর ছিল। তবে প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করে সাম্প্রতিক সিদ্ধান্তে তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিস্তৃত করা হলো।
অবিলম্বে কার্যকর হওয়া এই আদেশটি ইতোমধ্যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
খাত সংশ্লিষ্টদের ধারণা, আবেদনের সময়সীমা বৃদ্ধির ফলে প্রবাসী শ্রমজীবী ও নাগরিকদের দীর্ঘদিনের পাসপোর্ট জটিলতা নিরসন হবে। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ভুল সংশোধনের আবেদন জমা দিতে পারেননি, তারা এই অতিরিক্ত সময়ের মধ্যে নিশ্চিন্তে প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, যা তাঁদের বৈধভাবে অবস্থান ও ভ্রমণ নথি হালনাগাদে বড় ভূমিকা রাখবে।