
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সঠিকভাবে বোঝা এবং দীর্ঘমেয়াদে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে এটি যে কোনো সময় বুমেরাং হয়ে উঠতে পারে। তাই এআইকে ভয়ের বিষয় হিসেবে নয়, বরং মানুষের উন্নয়নের সহযাত্রী ও বন্ধু হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানবজাতিই সভ্যতার উন্নয়ন এবং কখনো কখনো তার অবক্ষয়ের জন্য দায়ী ছিল। তবে এখন সভ্যতার অগ্রযাত্রায় মানুষ একা নয়; মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্ত্রী আরও বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে এআইকে দায়িত্বশীল ও নৈতিকভাবে ব্যবহার নিশ্চিত করতে সরকার, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে এআই ব্যবহারে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।