
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (৯ আগস্ট) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে এসব কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে—মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে সমন্বয় কমিটি; প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি; সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি; কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে আসন ব্যবস্থাপনা কমিটি এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে অভ্যর্থনা কমিটি।
প্রয়োজন অনুযায়ী কমিটিগুলো কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করতে পারবে। অফিস আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো দ্রুত সভা করে কর্মপরিকল্পনা গ্রহণ করবে।
এ ছাড়া উপকমিটির আহ্বায়করা তাদের কার্যক্রম নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) অবহিত করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা নেবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।