
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিকল্পনা অনুযায়ী, একটি উপজেলার অন্তর্ভুক্ত সব ইউনিয়ন পরিষদে একই সময়ে ভোট নেওয়া হবে। তবে কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন কয়েকটি ধাপে আয়োজন করা হবে। তবে মোট কয়টি ধাপে ভোট নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, ‘ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে। এ ক্ষেত্রে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে তা এখনও ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি উপজেলাভিত্তিক নির্বাচন হবে। এক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে সেগুলো একই সঙ্গে হবে।’
অর্থাৎ, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নকে এক ধাপে এবং একই উপজেলার অন্য ইউনিয়নগুলোকে ভিন্ন ধাপে রেখে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেই কমিশনের। বরং সংশ্লিষ্ট উপজেলার সব ইউনিয়ন পরিষদেই একই সঙ্গে ভোট নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
কেন একটি উপজেলার সব ইউনিয়নে একই সময়ে ভোট নেওয়া হবে, তার ব্যাখ্যাও দিয়েছেন ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে একসঙ্গে নির্বাচন করে অন্য ইউনিয়নগুলোকে পরবর্তী ধাপে নেওয়া হলে পরিস্থিতিতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ কারণে একই উপজেলার সব ইউনিয়নে একই সময়ে ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, ‘এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলে, বাকিগুলো অন্য ধাপে হলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একই সঙ্গে এক উপজেলার সবগুলোতে নির্বাচন হবে এবং কয়েক ধাপে হবে নির্বাচন।’
তবে ইউপি নির্বাচন কীভাবে এবং কত ধাপে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টিও নির্বাচন কমিশনই চূড়ান্ত করবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইতোমধ্যে জানিয়েছেন, সেপ্টেম্বরে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার পর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন আয়োজন করা হবে।