
বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদের সঙ্গে বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় জনস্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করা, স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা, রোগ প্রতিরোধ এবং সবার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করতে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জনস্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যাহত সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করেন হুমায়ুন কবির।
তিনি বলেন, স্বাস্থ্য খাতের লক্ষ্যগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গতি বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কার্যকর বহুপক্ষীয় অংশীদারিত্ব অপরিহার্য।
বৈঠকে ডব্লিউএইচওর বাংলাদেশ প্রতিনিধি দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ, সক্ষমতা বৃদ্ধি, রোগ পর্যবেক্ষণ (ডিজিজ সার্ভেইল্যান্স) এবং জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতিসহ বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষই দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে। একই সঙ্গে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার ব্যাপারেও তারা একমত হন।