
রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।
রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপাচার্যের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
প্রতিনিধি দলে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার এবং অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন।
সাক্ষাৎকালে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সামগ্রিক চিত্র রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন। দায়িত্ব নেওয়ার পর গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থায় যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে পরিবর্তন আনার প্রচেষ্টা চলছে, সেসব বিষয়ও অবহিত করেন তিনি।
এ সময় জেলা পর্যায়ে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত কলেজ স্থাপনের উদ্যোগ এবং দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশের বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় গুরুত্ব বাড়ানো, দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা এবং প্রান্তিক অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মান উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য।
এ ছাড়া সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগ বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তুলে ধরা হয়। কারিকুলাম ও সিলেবাসে পরিবর্তন এনে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করার জন্য নেওয়া উদ্যোগগুলোর কথাও জানান উপাচার্য।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা ও উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চ্যান্সেলর হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।