
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ সুবিধা উন্নয়নে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলার পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। পরে সেখানে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী এবং নদী খনন কর্মসূচিরও উদ্বোধন করেন।
প্রকল্পটি বন্যা ও জলাবদ্ধতার ক্ষতি কমানোর পাশাপাশি এলাকার পানি নিষ্কাশন ও সেচব্যবস্থা উন্নয়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রকল্পটির অনুমোদন দেওয়া হয় গত ১৬ জুন অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়।
প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে ফেনীর অনুষ্ঠানে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতারা তাকে অভ্যর্থনা জানান। এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।