
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তাঁর এ সফর চলবে।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের বিষয়টি জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ। সফরকালে দুই দেশের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রতিমন্ত্রী।
এসব আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, পর্যটন খাতের উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পাবে।
স্পেনে এক্সপোর উদ্বোধন
সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন শামা ওবায়েদ ইসলাম। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বাংলাদেশের উদ্যোক্তা ও রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, বড় আমদানিকারক এবং বিনিয়োগকারীদের সরাসরি ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের প্রধান লক্ষ্য।
লন্ডনে সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব
স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্যে অবস্থান করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। লন্ডনে তাঁর কর্মসূচিতে বাংলাদেশের শিল্পকলা ও ঐতিহ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা, বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারত্ব বাড়ানো এবং দেশের বিকাশমান সৃজনশীল অর্থনীতির জন্য নতুন সুযোগ তৈরির বিষয়গুলো প্রাধান্য পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইউরোপের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা, নতুন সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক আদান-প্রদান বাড়ানোর বিষয়ে সরকারের যে কৌশলগত অঙ্গীকার রয়েছে, এ সফর তারই অংশ।