
আগামী ২০২৭ সালে সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি নির্ধারণ করেছে সরকার। তবে এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। ফলে সাপ্তাহিক ছুটি বাদ দিলে কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়।
বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটি—দুটি শুক্রবার ও দুটি শনিবার।
অন্যদিকে, বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটি, যার একটি শুক্রবার ও দুটি শনিবার।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। সব মিলিয়ে ২৯ দিনের ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ২২ দিন।