
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে বিবেচনা করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমানকে একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হচ্ছে।
বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১) চলাকালে স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের দেশ বাংলাদেশের নেতৃত্বে তারেক রহমানের রূপান্তরমূলক ভূমিকা এবং গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
তিনি জানান, বুধবার দিনভর প্রধানমন্ত্রী কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, এসব সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে পাওয়া ম্যান্ডেটের জন্য বিশ্বনেতারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তারা।
হুমায়ুন কবির বলেন, ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরে আসার আগ্রহ জানিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
লন্ডনের মেয়রের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন লন্ডনে অবস্থান করার কারণে তারেক রহমানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন মেয়র। সেই আগ্রহের পরিপ্রেক্ষিতেই তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় এসেছে। বৈঠকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। জবাবে প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফর করার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন।
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দেশটির সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টি আলোচনায় আসে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বৈঠকে বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ বেশ কয়েকটি সম্ভাবনাময় প্রকল্পে চীনা বিনিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে। পাশাপাশি বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে সংযুক্ত করে একটি আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশ চীনের সহযোগিতা চেয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সংকটের টেকসই সমাধান নিশ্চিত করতে শুধু দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে আগের দিনের বৈঠক নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও উল্লেখযোগ্য অবদান রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও বাংলাদেশের এই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে বাংলাদেশ ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে।