
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং বিশ্ববাজারে প্রবেশের প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে পণ্যের গুণগত মান উন্নয়ন ও কার্যকর বিপণন কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জাতীয় এসএমই পণ্য মেলা উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, দেশে-বিদেশে বাজার সম্প্রসারণ এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন প্রতিবছরের মতো এবারও জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন করেছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষে মেলার আয়োজক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।
তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
রাষ্ট্রপতি আরও বলেন, সরকার এ খাতের বিকাশে যথাযথ বাজেট বরাদ্দ, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ মেলা আন্তর্জাতিক বাজারে দেশীয় এসএমই পণ্যের প্রবেশের প্রতিবন্ধকতা দূর করতে সহায়ক ভূমিকা রাখবে।
মেলায় নারী, নগর ও গ্রামীণ উদ্যোক্তাদের সম্মিলিত অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ ধরনের আয়োজন নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
এর মধ্য দিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করে রাষ্ট্রপতি ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’-এর সার্বিক সফলতা কামনা করেন।