
সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে রাষ্ট্রপতির প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রের স্পর্শকাতর বিষয় প্রকাশ্যে এসেছে বলে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রের অভ্যন্তরীণ-গোপনীয় বিষয় প্রকাশ করে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে সাক্ষাৎকারটিকে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি’ পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। রাষ্ট্রপতি জনাব মো. সাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এতে দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমি তার এই সাক্ষাৎকারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, রাষ্ট্রপতির বক্তব্য নতুন করে বিতর্ক ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। তার মতে, সংবিধান, রাষ্ট্রীয় শপথ এবং সাংবিধানিক ধারাবাহিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে বিভ্রান্তির মুখে ফেলা হয়েছে। ‘রাষ্ট্রপতি’ পদে থেকে এমন বক্তব্য প্রদান করে তিনি শপথ ভঙ্গ করেছেন, যা রাষ্ট্রের মর্যাদা ও ভাবমর্যাদার সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংবিধানিক শালীনতা রক্ষা করা দায়িত্বশীলদের কর্তব্য। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংযত ও দায়িত্বশীল বক্তব্য প্রদান অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন। জনগণের আস্থা অটুট রাখতে মহামান্য রাষ্ট্রপতিকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য দেওয়ার পাশাপাশি রাষ্ট্রের মর্যাদা ও স্থিতিশীলতা রক্ষায় আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।