
জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার অনুষ্ঠানের দাওয়াত গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আখতার হোসেন জানান, মন্ত্রী সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেছেন।
ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে আয়োজিত ইফতার মাহফিলের মধ্য দিয়েই শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি।
আখতার হোসেন আরও জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।