
দেশের স্বাস্থ্য ব্যবস্থায় অবহেলার কারণেই হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু ঘটছে—এমন অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যান্য খাতে কিছু অগ্রগতি থাকলেও স্বাস্থ্য খাতে গাফিলতি স্পষ্ট, যার ফলেই হামের মতো প্রতিরোধযোগ্য রোগে শিশুদের প্রাণহানি ঘটছে।
স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি হামের বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। পাশাপাশি, বিশ্বব্যাপী টিকাবিরোধী অপপ্রচার ও কুসংস্কারের বিরুদ্ধে কার্যকরভাবে মোকাবিলা করার ওপরও গুরুত্বারোপ করেন।