
ব্যক্তিগত জীবনের এক নতুন দিগন্তে পা রাখলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেত্রী এবং জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু। সংসদ সদস্য হিসেবে নিজের প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতির কথা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগপূর্ণ বার্তা শেয়ার করেছেন তিনি।
জীবনের নতুন অধ্যায় ও দোয়া প্রার্থনা
রোববার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেওয়া একটি স্ট্যাটাসে ডা. মিতু তার এই বিশেষ যাত্রার কথা জানান। তিনি বলেন, আজকে আমার জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাকে দেশ ও জনগণের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার তৌফিক দেন।
সঙ্গী ও অভিভাবক হিসেবে নাহিদ ইসলাম
নিজের পোস্টে ডা. মিতু বিশেষভাবে উল্লেখ করেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের কথা। রাজনৈতিক সহযোদ্ধার বাইরেও নাহিদ ইসলামকে এক ভিন্ন উচ্চতায় উপস্থাপন করেছেন তিনি। মিতু লিখেছেন, পার্টির আহ্বায়কের বাইরে নাহিদ ইসলাম আমার ছোট ভাইয়ের মত। কিন্তু আজ সে আমার জন্য আমার অভিভাবক হিসেবে পাশে ছিল। ছোটবেলায় প্রথম পরীক্ষার দিন আম্মু আব্বু বা বড় ভাই থাকলে যেভাবে পাশে থাকে, পথ দেখিয়ে নিয়ে যায়। আমার সংসদের প্রথম দিনটাতে আমার আহ্বায়ক সেভাবেই নিয়ে গিয়েছে, পথ দেখিয়েছে, বিভিন্ন জায়গাগুলো চিনিয়েছে।
দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা
সংসদ ভবনের প্রথম দিনটিতে নাহিদ ইসলামের এমন সহযোগিতা মিতুকে আত্মবিশ্বাসী করে তুলেছে। তিনি আরও যোগ করেন, নাহিদ ইসলামের এই দায়িত্ববোধ আমাকে আর ও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। ভীষণ ভালো লাগাও কাজ করছিল, সত্যি বলতে সাহস ও পেয়েছি। আলহামদুলিল্লাহ।
জীবনের এই পর্যায়ে এসে তিনি সকলের ভালোবাসা ও স্নেহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার এই ছোট্ট জীবনে অসংখ্য মানুষের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা পেয়েছি সঙ্গে দোয়াও পেয়েছি। আপনারাও সবসময় দোয়া করেছেন ভালোবাসা দিয়েছেন।
ডা. মাহমুদা আলম মিতু তার এই নতুন পথচলায় দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।