
কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন জাতীয় সংসদের বাজেট অধিবেশনকে সামনে রেখে বিরোধী দলের আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খাতগুলো সংসদে আরও জোরালোভাবে তুলে ধরা হবে।
রোববার (৩১ মে) সকালে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসহ সাধারণ মানুষের জীবনমানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো সংসদে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে। বিরোধী দল গঠনমূলক সমালোচনা ও বাস্তবসম্মত পরামর্শের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জনগণ একটি জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা চায়। সেই প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে কার্যকর করতে বিরোধী দল সাংবিধানিক দায়িত্ব পালন করবে।
ডা. তাহের বলেন, সংসদ শুধু আইন প্রণয়নের জায়গা নয়, এটি জনগণের কথা বলার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই দেশের স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি ইস্যুতে বিরোধী দল সোচ্চার থাকবে।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
ঈদ পুনর্মিলনী উপলক্ষে বক্তারা সামাজিক সম্প্রীতি, ঐক্য এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের আহ্বান জানান। শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।