
ঢাকার সেগুনবাগিচায় এক গোলটেবিল বৈঠকে দেশের আসন্ন বাজেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, বাজেটে ঋণের বোঝা ক্রমেই বাড়ছে এবং জনগণের দোরগোড়ায় সেবা না পৌঁছালে বাজেটের কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়।
সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেট: আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘প্রতিবছর ঋণের পরিমাণ বাড়ছে। যে বাজেট দেওয়া হচ্ছে সেখানে ঋণের বোঝাই বেশি। এটা গ্রহণযোগ্য নয়, পরিবর্তন আনতে হবে।’ তিনি আরও বলেন, বাজেটের সুষম বণ্টন নিশ্চিত না হলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।
তিনি দাবি করেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে বিভিন্ন সরকার দেশ পরিচালনায় থাকলেও জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। তার ভাষায়, ‘যে নীতি-আদর্শে এতদিন দেশ চলেছে, তা মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি।’
চরমোনাই পীর আরও বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করতে হলে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে আরও আন্তরিকতা ও সতর্কতা প্রয়োজন। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
বৈঠকে তিনি দেশের শাসনব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, ইসলামী শরিয়াহভিত্তিক নীতি ছাড়া বাজেটসহ রাষ্ট্রীয় পরিকল্পনার পূর্ণ সুফল পাওয়া কঠিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে আরও বক্তব্য দেন সাবেক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহসহ রাজনৈতিক ও পেশাজীবী নেতারা।