
দেশে এখন আর গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটছে না বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার সংস্কৃতি থেকেও দেশ বেরিয়ে এসেছে এবং আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার অবসান ঘটেছে। সরকারের লক্ষ্য হচ্ছে আইন ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশকে আরও শক্তিশালী করা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফর প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে। বিশেষ করে দুই দেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করে একটি আত্মনির্ভরশীল এবং সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।
দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী দেশকে অস্থির করার অপচেষ্টা চালাচ্ছে। তবে বর্তমান সরকারের সময়ে কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
বিরোধী রাজনৈতিক শক্তির সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, তারা সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। কিন্তু তাদের নিজস্ব কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী প্রবণতার প্রতিফলন দেখা যায়।