
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির নেতারা এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শিক্ষা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেস ক্লাব, তোপখানা, পল্টন ও জিরো পয়েন্ট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মহানগর কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন এবং বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র)-এর কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননীসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায় রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তাদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং সেই আদালতে ইনুর বিচার একটি প্রহসন।
বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে হাসানুল হক ইনুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই কারণেই তাকে রাজনৈতিকভাবে হয়রানির শিকার হতে হয়েছে বলে তারা দাবি করেন।
জাসদ নেতারা বলেন, মামলায় ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা এবং ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’সহ মোট আটটি অভিযোগ আনা হলেও আদালতের রায়ে এসব অভিযোগ যথাযথভাবে প্রমাণিত হয়নি। তাদের ভাষ্য, অভিযোগের সময় ইনু কোনো মন্ত্রী, সংসদ সদস্য কিংবা রাষ্ট্রীয় বা প্রশাসনিক দায়িত্বে ছিলেন না। ফলে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। কুষ্টিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততাও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি বলে দাবি করেন তারা।
সমাবেশ থেকে নেতারা হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় বাতিল এবং তার প্রতি করা অবিচারের অবসান ঘটানোর দাবি জানান।