
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তীব্র সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, ইতিহাসে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকদের ফিরে আসার নজির নেই।
শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার প্রসঙ্গে সারজিস আলম বলেন, "পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতন হওয়ার পরে, পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাসে কেউ কোনোদিন ফিরে আসে না। এই বাংলার ইতিহাসে সর্বশেষ লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল, তিনি কোনোদিন ফিরে আসেননি। বিগত ৮০০ বছরের ইতিহাসে শেখ হাসিনার মতো এভাবে আর কেউ কখনো পালিয়ে যায়নি। তার যদি ন্যূনতম লজ্জা থাকত, ব্যক্তিত্ব থাকত, তাহলে ওই মুখ দেখানো তো দূরের কথা নিজে ভারতে গিয়ে আত্মহত্যা করতেন।"
বক্তব্যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ভূমিকা নিয়েও মন্তব্য করেন। সারজিস বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগে ২৩ বছরে শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তবে স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সালের সময়কে উল্লেখ করে তিনি দাবি করেন, "৭২ থেকে ৭৫-এ যে মানুষটি হতে পারতো অসংবাদিত নেতা সেই মানুষটা ধীরে ধীরে স্বৈরাচারের বীজ বপন করা শুরু করল। বাংলাদেশে প্রথম স্বৈরাচারের বীজ ৭২-এর ১০ জানুয়ারিতেই বপন করা হয়েছিল।"
সংবাদমাধ্যম নিয়েও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, "২৪ গণঅভ্যুত্থানের আগে বাংলাদেশের মিডিয়াগুলোকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে। কোন সংবাদ যাবে কোনটা যাবে না, কোনটা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইবে, কোনটা একজন আলেমের ওপর অত্যাচারকে জঙ্গিবাদ হিসেবে দেখাবে সব শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনী স্ক্রিপ্ট লিখে দিত।"