
মাদকবিরোধী অভিযান নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশের ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মাদকের আখড়া ধ্বংসে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, এখন থেকে বাঁশের লাঠি দিয়েই এসব আস্তানা গুঁড়িয়ে দেবেন।
রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
পোস্টে ইশরাক হোসেন দাবি করেন, কিছু প্রতিষ্ঠিত গণমাধ্যমের আইনজীবী প্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট আইনের ধারা স্পষ্টভাবে ব্যাখ্যা করানোর সক্ষমতা রয়েছে। তাঁর বিশ্বাস, গণমাধ্যমগুলো এ চর্চা করেও থাকে। তবে আইন সম্পর্কে জানার পরও তাদের সংবাদ প্রকাশের ধরন দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, মাদকবিরোধী অভিযানের পর কিছু গণমাধ্যমের আচরণ দেখে মনে হচ্ছে, তারা মাদক সরবরাহের সঙ্গে যুক্ত ছিল। এ বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথাও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব মাদকের আখড়া এসব গণমাধ্যমকে অর্থায়ন করে থাকতে পারে, সেগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ব্যক্তিগত নিরাপত্তার জন্য তাঁর বৈধ লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ছিল উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করবেন।
পোস্টে ইশরাক হোসেন বলেন, অভিযান চলাকালে পুলিশ উপস্থিত থাকবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। মাদকবিরোধী সংগ্রাম সফল করার প্রত্যয় জানিয়ে তিনি ‘ইনশাআল্লাহ’ বলে বক্তব্য শেষ করেন।
তবে মাদকবিরোধী অভিযান নিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বক্তব্য পোস্টে উল্লেখ করা হয়নি।