
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। দেশটি বাংলাদেশ ভ্রমণকারীদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। সোমবার সর্বশেষ এই সতর্কতা প্রকাশ করা হয়।
এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশ নিয়ে দুবার ভ্রমণ সতর্কতা সংশোধন করেছিল কানাডা। সর্বশেষ হালনাগাদেও বাংলাদেশকে উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পর্যায়েই রাখা হয়েছে।
কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে যেকোনো সময় বিক্ষোভ ও সহিংস সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে আকস্মিকভাবে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে বাংলাদেশে অবস্থানরত কানাডীয় নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ থেকে দূরে থাকার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
চট্টগ্রামের পার্বত্য এলাকাগুলোর ক্ষেত্রে কানাডা সরকার তুলনামূলকভাবে আরও কঠোর সতর্কতা জারি করেছে। কানাডীয় নাগরিকদের ওই অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে থাকা বা ভ্রমণে আসা কানাডীয় নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির আকস্মিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা এবং বাংলাদেশে ভ্রমণের আগে কানাডা সরকারের সর্বশেষ ভ্রমণসংক্রান্ত তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।