
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মেজাজ হারিয়ে শাস্তি পেলেন পাকিস্তানি ব্যাটার সালমান আঘা। আউট হওয়ার পর ক্ষোভে মাঠের মধ্যেই গ্লাভস ও হেলমেট ছুড়ে মারায় তাকে আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ঘটনাটি মূলত গতকালকের ম্যাচের। পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৩৯তম ওভারের খেলা চলছিল। ওভারের চতুর্থ বলে মিরাজের লেন্থ বলটা সোজা ব্যাটে খেলেছিলেন মোহাম্মদ রিজওয়ান। ডানে সরে গিয়ে পা দিয়ে বলটা ঠেকান মিরাজ। বল গিয়ে লাগে সালমানের প্যাডে। নিচু হয়ে বলটা তুলে মিরাজকে দিতে যান সালমান। এমন সময় মিরাজ বল তুলে নিয়ে আন্ডার আর্ম থ্রোয়ে সালমানকে রানআউট করেন।
ঘটনার আকস্মিকতায় সালমান কিছুটা অবাক হন। এগিয়ে গিয়ে মিরাজকে হয়তো বোঝানোর চেষ্টা করেছিলেন যে, তিনি বলটাকে ডেড ধরে নিয়েছিলেন। তবে মিরাজ নিজের আবেদনে অটুট থাকেন। আম্পায়ারও সেই আবেদন আমলে নিয়ে থার্ড আম্পায়ারের কাছে পাঠান। বল স্টাম্পে লাগার সময় সালমান ক্রিজের বাইরে থাকায় তৃতীয় আম্পায়ার আউটের ঘোষণা দেন।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মাঠেই হেলমেট, গ্লাভস এবং ব্যাট ছুড়ে মারেন সালমান। মাঠে লিটন দাসের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। এরপর সাজঘরে ফেরার পথে বাউন্ডারি লাইন পেরিয়ে আবারও নিজের সরঞ্জাম মাটিতে আছাড় মারেন পাকিস্তানি ব্যাটার।
এমন আচরণের কারণে সালমানকে অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্টের দায়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ শাস্তি দিয়েছেন। সালমান নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরের মধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।
এদিকে, শুক্রবারের এই ম্যাচে বাংলাদেশকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের অঘোষিত ফাইনাল।