
বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসান-এর ফেরার সম্ভাবনা এখনো অনিশ্চিত রয়ে গেছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তাকে পাওয়া যাচ্ছে না বলে ইঙ্গিত মিলেছে বোর্ডের পক্ষ থেকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দেশে ফিরতে পারলে এবং নির্বাচকদের দৃষ্টিতে ফিট বিবেচিত হলে তবেই দলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে, তবে আপাতত ‘প্রক্রিয়াগত জটিলতা’ই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার পূর্বাচলে ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে বুলবুল বলেন, ‘সাকিব যদি দেশে আসে এবং নির্বাচকেরা তাকে প্রস্তুত মনে করে, তাহলে অবশ্যই খেলবে। কিন্তু এখানে কিছু প্রক্রিয়া আছে, যেগুলো বোর্ডের নিয়ন্ত্রণে নেই।’ বোর্ড সূত্রেও জানা যায়, দীর্ঘদিন দেশের বাইরে থাকা এই অলরাউন্ডারের ফেরার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে চলমান কিছু আনুষ্ঠানিক জটিলতার ওপর।
এদিকে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু আগেই জানিয়েছেন, সাকিবের জাতীয় দলে ফেরা তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত তাকে দলে ফেরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কঠিন।
অন্যদিকে নিজ অবস্থান পরিষ্কার করে সম্প্রতি এক সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে সাকিব জানিয়েছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে তার পুরো মনোযোগ কেবল ক্রিকেটে। ‘আমি বাংলাদেশ দলের হয়ে আরও কিছু ভালো পারফরম্যান্স উপহার দিতে চাই। এটাই এখন আমার একমাত্র লক্ষ্য’। এমন মন্তব্য করে তিনি বুঝিয়ে দিয়েছেন, জাতীয় দলে ফেরাটাই তার প্রধান অগ্রাধিকার।
রাজনীতি প্রসঙ্গেও তিনি স্পষ্ট করেন, দেশের জন্য কাজ করার ইচ্ছা থাকলেও সেটি একমাত্র রাজনীতির মাধ্যমেই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তিনি দেখেন না। বরং মাঠেই নিজের সেরাটা দিয়ে ক্যারিয়ারের শেষটা হাসিমুখে শেষ করার প্রত্যাশার কথাও জানান এই অভিজ্ঞ ক্রিকেটার।
সব মিলিয়ে, ক্রিকেটে ফেরার ইচ্ছা ও প্রস্তুতি থাকলেও বাস্তবতার জটিল সমীকরণে আপাতত আটকে আছে সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তন। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে ভক্তদের অপেক্ষা তাই আরও দীর্ঘ হচ্ছে।