
চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নেপালের কাছে ৩৬-৩৮ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশ। এই হারের ফলে গ্রুপ সেরা হওয়ার সুযোগ হাতছাড়া হয় টাইগারদের।
আজ রোববার সকালে অনুষ্ঠিত ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই, যাতে জিতলে বাংলাদেশ ভারতকে এড়াতে পারত। কিন্তু টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত মাত্র ২ পয়েন্টের ব্যবধানে হার মানে লাল-সবুজরা।
ম্যাচের প্রথমার্ধে নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ ও আক্রমণভাগের ধারাবাহিকতায় তারা ব্যবধান ধরে রাখে।
এই ফলাফলের পর গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী, এখন তাদের মুখোমুখি হতে হবে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারত।
তবে সেমিফাইনালে হারলেও বাংলাদেশ অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করবে বলে জানা গেছে।