
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার হাসাদাহ এলাকায় এই ঘটনা ঘটে। এতে এমপির শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক আহত হয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাসাদাহ এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সাথে তর্কের সৃষ্টি হয়। আহত আবু বক্কর সিদ্দিকের অভিযোগ, তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি শারীরিক লাঞ্ছনার শিকার ও আহত হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরাসরি এমপি আমির হামজার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে তাঁর শ্যালকের সাথে স্থানীয়দের তর্কবিতর্ক ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
ওসি আরও বলেন, "খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এমপির পরিবারের ওপর এমন ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।