
প্রায় তিন বছর পর ব্রাজিলের জার্সিতে আবারও মাঠে নেমে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার পর ড্রেসিংরুমে একা বসে কেঁদেছেন বলে জানিয়েছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় দলে ফেরার অনুভূতিকে তিনি স্বস্তি ও আবেগের মিশ্র অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানোর ম্যাচে ৭৬তম মিনিটে মাঠে নামেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের হয়ে খেলার পর ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর ধাপে ধাপে পুনর্বাসন ও অনুশীলন শেষে অবশেষে মাঠে ফেরেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচ শেষে নেইমার বলেন, ‘ড্রেসিংরুমে একা বসে কেঁদেছি। দীর্ঘদিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরতে পারাটা আমার জন্য বিরাট স্বস্তির।’
ফেরার মুহূর্তের আবেগ তুলে ধরে তিনি আরও বলেন, ‘মাঠে নামার সময় অনেক আবেগ কাজ করছিল। কারণ ব্রাজিলের জার্সি ও জাতীয় দল থেকে আমি অনেক দিন দূরে ছিলাম। ঈশ্বরের কৃপায় সবকিছু ভালো হয়েছে এবং আমি আবার ফিরতে পেরেছি।’
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ে বড় ভূমিকা রাখেন ভিনিসিয়াস জুনিয়র। তার জোড়া গোলে সহজ জয় তুলে নেয় সেলেসাওরা। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেও গোল পাওয়া এই ফরোয়ার্ডের প্রশংসা করেছেন নেইমার।
তিনি বলেন, ‘আজ আমাদের জয়ের নায়ক ভিনি। সে দুর্দান্ত ফর্মে আছে। আমাদের অনেক সাহায্য করছে এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
গ্রুপ পর্ব শেষ করে নকআউট নিশ্চিত করা ব্রাজিল এখন শিরোপার পথে পরবর্তী চ্যালেঞ্জের অপেক্ষায়। সামনে কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, ‘এখন সামনে নকআউট পর্ব। আমাদের জিততেই হবে। আমরা যেন আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারি।’