
অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের উদীয়মান ফরোয়ার্ড তেতে ইয়েঙ্গি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজের পর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কালিমায়ে শাহাদাত পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত হন।
শনিবার (১১ জুলাই) দ্য ইসলামিক ইনফরমেশন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মুসলমানদের ইবাদতের ধরন এবং মসজিদের পরিবেশ সম্পর্কে জানার আগ্রহ থেকেই অ্যাডিলেডের ওই মসজিদে যান ২৫ বছর বয়সী এই ফুটবলার। সেদিন সেখানে জুমার খুতবা দিচ্ছিলেন প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি ইসমাইল মেঙ্ক। নামাজ শেষে তার সঙ্গে আলাপকালে মুফতি মেঙ্ক ইয়েঙ্গিকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান। পরে উপস্থিত মুসল্লিদের সামনে তিনি সেই আহ্বান গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের বিষয়ে ইয়েঙ্গি বলেন, এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। নুজুম স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘ সময়ের অধ্যয়ন, গভীর চিন্তাভাবনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছেন। নিজের আন্তরিক উপলব্ধি ও আত্মতৃপ্তি থেকেই তিনি ইসলাম গ্রহণ করেছেন বলেও সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
দক্ষিণ সুদানীয় বংশোদ্ভূত তেতে ইয়েঙ্গি বর্তমানে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিভিংস্টোনের হয়ে খেলছেন। গতিময় ও আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত এই ফরোয়ার্ড ২০২৬ সালের বিশ্বকাপ উপলক্ষে অস্ট্রেলিয়া জাতীয় দলের ডাকও পেয়েছেন।