
লিওনেল মেসি বিশ্বকাপের পর বিশ্রামে থাকলেও তার অনুপস্থিতিতে দাপট ধরে রেখেছে ইন্টার মায়ামি। উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের জোড়া গোল ও শেষ মুহূর্তের নাটকীয় গোলে শিকাগো ফায়ারকে ৩-২ ব্যবধানে হারিয়ে এমএলএসে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
বিশ্বকাপ বিরতির পর লিগে ফেরার এই ম্যাচটি ছিল সুয়ারেজের জন্যও বিশেষ। ইন্টার মায়ামির হয়ে এটি ছিল তার ১০০তম ম্যাচ। স্মরণীয় এই মাইলফলক তিনি রাঙিয়েছেন দুই গোল করে।
অন্যদিকে, শিকাগো ফায়ারের জার্সিতে অভিষেক হয়েছে সদ্য বার্সেলোনা ছেড়ে আসা পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কির। তবে আলো কেড়ে নিয়েছেন সুয়ারেজই।
ম্যাচের শুরুতে ধাক্কা খায় ইন্টার মায়ামি। ১৭ মিনিটে ইয়ান ফ্রের ধীরগতির ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন গোলরক্ষক রিওস নোভো। তার ভুলে বল নিজেদের জালেই জড়িয়ে গেলে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
তবে ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুয়ারেজ। বিরতির পর ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।
৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন শিকাগো ফায়ারের পুসো দিথেয়ান। মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যেই গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান তিনি।
ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে সুয়ারেজের নেওয়া শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে দারুণ ফিনিশিং করে জয়সূচক গোল করেন প্রেস্টন প্লামব্যাক। তাতেই ৩-২ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।
এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১৬ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। একই সংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।