
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। প্রথম দিন ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। শনিবার (১০ অক্টোবর) দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নাঈম হাসান ও তাইজুল ইসলাম।
শুক্রবার (৯ অক্টোবর) ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। দুজনই তুলে নেন অর্ধশতক।
পরে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২১ রান। তবে এরপরই ছন্দপতন ঘটে ব্যাটিংয়ে। ২২৫ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তানজিদ ও সাদমানের পর অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি।
পরবর্তী সময়ে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের জুটিতে তিনশ রানের মাইলফলকের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগে এই দুজনের পাশাপাশি হাসান মাহমুদও আউট হলে আট উইকেট হারিয়ে ৩১৭ রানে দিনের খেলা শেষ করে টাইগাররা।
দ্বিতীয় দিনে নাঈম হাসান ও তাইজুল ইসলামের ব্যাটিংয়ের ওপর নির্ভর করছে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ আর কতটা বাড়ে।