
আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সাংবিধানিকভাবে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)।
মন্ত্রী বলেন, সরকার অটোরিকশা বন্ধের পক্ষে নয়। তবে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে যানজট নিরসন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে দেশের মানুষ সুবিচার পেয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশানে মিছিলের ঘটনায় সরকার ব্যবস্থা নিয়েছে।
যানজটের সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে। যানজট কমাতে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।