
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “এমন একটি খবর শুনেছি।”
একটি সূত্রের দাবি, তিনি সত্যিই পদত্যাগ করেছেন। তবে বারবার আইজিপিকে ফোন করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বাহারুল আলম ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ি আইজিপি মো. ময়নুল ইসলামকে স্থলাভিষিক্ত হন। সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ দেয়।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশের দায়িত্বে যোগ দেন বাহারুল আলম। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধানসহ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাহারুল আলম ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কাজ করেছেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনের ফিল্ড মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
২০২০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসরে যান।