
আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থনীতির শ্বেতপত্রের তথ্যের বরাত দিয়ে তিনি এ কথা বলেন।
শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করে দেওয়া এবং ব্যাপক অর্থপাচারের কারণে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে। ১৫ বছরেরও বেশি সময়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে অর্থনীতিকে দুর্নীতির দুষ্টচক্রের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল।
রাষ্ট্রপতি জানান, ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
দেশের ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে তিনি বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা। এটি মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ এবং আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি।