
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত ব্যাংকিং লেনদেনের সময় শেষ হওয়ার পরও হজের অর্থ জমা দিতে ব্যাংকে উপস্থিত গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করতে বলা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এ ছাড়া নির্ধারিত ব্যাংকিং লেনদেনের সময় শেষ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত হজের অর্থ জমা দিতে ইচ্ছুক গ্রাহক ব্যাংকে উপস্থিত থাকবেন, ততক্ষণ তাঁদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।