
এডেন উপসাগরে ইয়েমেনের উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলেদের ছদ্মবেশে ইয়েমেনে বসবাসরত সোমালি জনগোষ্ঠীর মধ্যে অবস্থান করছিল তারা।
শনিবার সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, ইয়েমেনের বালহাফ উপকূল থেকে ১২০ কিলোমিটার দূরে একটি পণ্যবাহী জাহাজে উঠে পড়েছে কয়েকজন অস্ত্রধারী।
সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা জানান, পানামার পতাকাবাহী এমভি মার্সা ভির্গো নামের জাহাজটির মালিক সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান মার্সা ওশেন শিপিং।
তারা আরও জানান, ছয় জলদস্যু সোমালিয়ার পুন্টল্যান্ড থেকে একটি মাছ ধরার নৌকায় করে ইয়েমেনের এডেন উপসাগরে আসে। পরে তারা জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে মোট ২২ জন ক্রু ছিলেন। বর্তমানে তারা সবাই জাহাজের সেফ রুমে নিজেদের আটকে রেখেছেন।
সূত্র: আরব নিউজ