
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, এমন দাবি করেছে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২। তবে কোনো পক্ষেরই আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই।
চ্যানেল-১২ অজ্ঞাতনামা ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে হামলার সময় সম্ভবত খামেনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কর্মকর্তারা এ বিষয়ে ক্রমবর্ধমান ইঙ্গিত পাচ্ছেন।
ইরানের সরকারি কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, খামেনি বর্তমানে তেহরানে নেই এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনও শনিবার ভোরে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। হামলাটি ইসরায়েল ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করেছে।
ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন কান জানিয়েছে, খামেনির সঙ্গে ইরানি কর্মকর্তাদের কোনো যোগাযোগ নেই এবং তার বর্তমান অবস্থান অজানা। তবে, খামেনির শিগগিরই ভাষণ দেওয়ার কথা রয়েছে। যদি তা সম্প্রচারিত হয়, তবে সেটি আগেই ধারণ করা হয়ে থাকতে পারে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, খামেনি ইতোমধ্যেই নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছেন। তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে, এবং কোনো পাল্টা বিবৃতি এখনও পাওয়া যায়নি।