
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শ্যুটিং দেখতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন শত শত দর্শক ও গণমাধ্যমকর্মী। অনুষ্ঠানস্থলে ঢোকার সময় তীব্র ঠেলাঠেলি আর অব্যবস্থাপনার সুযোগ নিয়ে একটি চোর চক্র সাংবাদিকসহ অন্তত শতাধিক মানুষের মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২০ মে) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর হাই স্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এই লঙ্কাকাণ্ড ঘটে।
হুড়োহুড়ি ও অব্যবস্থাপনার চরম রূপ
আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য পাসের ব্যবস্থা করা হলেও, প্রবেশপথের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মূল ফটক দিয়ে ঢোকার সময় নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী দর্শকদের ব্যাপক হুড়োহুড়ির মুখে পড়তে হয়। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে চোর চক্র সক্রিয় হয়ে ওঠে। ধাক্কাধাক্কির সুযোগে তারা একের পর এক মোবাইল ফোন পকেটস্থ করতে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। এতে বেশ কয়েকজন দর্শক আহতও হয়েছেন।
জানা গেছে, অনুষ্ঠানটিতে মাত্র তিন হাজার অতিথির বসার ধারণক্ষমতা থাকলেও আইন অমান্য করে আরও কয়েক হাজার মানুষ দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। এই অনিয়ন্ত্রিত ভিড়ের সুযোগেই ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক এবং প্রতিদিনের সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমের অন্তত ৭ জন সাংবাদিক এবং সাধারণ দর্শকদের শতাধিক মোবাইল চুরি হয়ে যায়। পরবর্তীতে অব্যবস্থাপনার তীব্র ক্ষোভ জানিয়ে বহু পাসধারী দর্শক অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন।
ক্ষুব্ধ ভুক্তভোগী ও পুলিশের ভূমিকা
ঘটনাস্থলে উপস্থিত ইনডিপেনডেন্ট টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, "অনুষ্ঠানে প্রবেশের জন্য প্রধান ফটক দিয়ে ঢোকার সময় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে হট্টগোল দেখা দেয়। এসময় আমিসহ অন্যান্য সাংবাদিকরা ভিতরে প্রবেশ করার পর দেখি আমার মোবাইলটি নেই। তাৎক্ষণিক গেইটে অবস্থান রত পুলিশকে চুরির ঘটনা জানানো হয়। জানানোর পর পুলিশের সাথে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকাবস্থায় ৬জন সাংবাদিক, ১জন জেলা প্রশাসনের কর্মচারি সহ অন্তত ৪০/৪৫ জন মোবাইল চুরির ঘটনা পুলিশকে অবহিত করে। তবে পুলিশ নীরব ভূমিকায় ছিল। প্রবেশ গেইটে এত হট্টগোল হচ্ছে দেখেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।"
এই অপ্রীতিকর ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, "ইত্যাদি অনুষ্ঠান উপভোগের জন্য জেলা, জেলার বাইরে থেকে হাজার হাজার দর্শক এসেছেন, পাশাপাশি হয়তো অনেক চোরও এসেছে। অনুষ্ঠানে বেশকিছু দর্শকের মুঠোফোন মিসিং হয়েছে জেনেছি। থানায় রিপোর্ট করলে তাদের মুঠোফোন উদ্ধারের চেষ্টা করা হবে।"