
ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত বাইজি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
সালাহউদ্দিন প্রদেশের বাইজি তেল শোধনাগারের একটি ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে। এক সময় এটি ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগার হিসেবে পরিচিত ছিল।
ইরাকি সরকারের নিরাপত্তাবিষয়ক মিডিয়া ইউনিটের এক বিবৃতিতে বলা হয়েছে, “দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এই ঘটনায় একজন শ্রমিক মারা গেছেন এবং ছয়জন আহত হয়েছেন।”
বাইজির স্থানীয় কর্মকর্তা আদেল আল-দাজ জানান, কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণটি ঘটেছে।
বাগদাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাইজি শোধনাগারটি ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর হামলার সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ সংস্কারকাজ শেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শোধনাগারটি পুনরায় চালু করা হয়।
উল্লেখ্য, ইরাক বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। দেশের মোট বাজেট আয়ের প্রায় ৯০ শতাংশই আসে অপরিশোধিত তেলের বিক্রি থেকে।