
ইরান ইস্যুতে আবারও কড়া অবস্থান জানালেন মার্কিন প্রেসিডেন্ট— যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই যুদ্ধে জয় পেয়েছে বলে দাবি করলেও আরও বড় ব্যবধানে জয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিউজম্যাক্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ওয়াশিংটন তেহরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং নেতৃত্ব কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই জিতেছি, কিন্তু আমি আরও বড় ব্যবধানে জিততে চাই। তাদের নৌবাহিনী, বিমানবাহিনী—সব ধ্বংস করেছি। তাদের বিমান প্রতিরক্ষা, রাডার—সবকিছুই ধ্বংস করা হয়েছে। তাদের নেতৃত্বও ধ্বংস হয়ে গেছে।’
ট্রাম্পের দাবি, এই সংঘাতে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির পুনর্গঠনে দীর্ঘ সময় লাগতে পারে। তিনি বলেন, ‘আমরা যদি এখন সরে যাই, তাদের পুনর্গঠন করতে ২০ বছর লেগে যাবে—যদি তারা আদৌ তা করতে পারে।’
তবে এই অবস্থাকেও যথেষ্ট মনে করছেন না তিনি। ইরান যাতে ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে দৃঢ় নিশ্চয়তা চান ট্রাম্প। তার ভাষায়, ‘এটা আসলে যথেষ্ট নয়। আমাদের এমন নিশ্চয়তা চাই যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’
এদিকে, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরান তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে তাদের অর্থনীতি ধসে পড়ছে, মূল্যস্ফীতি প্রায় ১০০ শতাংশের কাছাকাছি। আমরা শতভাগ কার্যকর অবরোধ আরোপ করেছি বলে তারা তেল রপ্তানি করতে পারছে না।’
তথ্যসূত্র: আল আরাবিয়া