-6af3f3f9cc5d7.webp)
ইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের জাতীয় ফুটবল দলকে বহনকারী একটি বিমান বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি। ফলে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিমানটি ইরানে ফিরে যেতে বাধ্য হয়।
গতকাল এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বসরা বিমানবন্দরের দুই মুখপাত্র জানান, ইরানি বিমানটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় সেটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি।
বসরা বিমানবন্দরে নামতে না পেরে বিমানটি ইরানে ফিরে গিয়ে আবাদান বিমানবন্দরে অবতরণ করে। তবে বসরায় অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, বিমানে করে পৌঁছানো সম্ভব না হলেও সড়কপথে বসরায় যাবে দেশটির ফুটবল দল।
ইরাকের বসরায় অনুষ্ঠিতব্য চারজাতি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে ইরানের। এ প্রতিযোগিতায় স্বাগতিক ইরাক ছাড়াও লেবানন ও ফিলিস্তিনের জাতীয় দল অংশ নেবে। ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানি বিমানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গের ঝুঁকি এড়াতেই অবতরণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বসরা বিমানবন্দরের এ ঘটনা ইরাকে ইরানি বিমান চলাচলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্রমবর্ধমান প্রভাব আবারও স্পষ্ট করেছে।
এর আগে ওয়াশিংটন ঘোষণা দিয়েছিল, ২৩ সেপ্টেম্বরের পর যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইরানি বিমান সংস্থাগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখবে, তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে ইরানের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা অকার্যকর করে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার নিষেধাজ্ঞার হুমকি এড়াতে গত সেপ্টেম্বরে বাগদাদ বিমানবন্দরে ইরানি ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় ইরাক। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করে বলেছিলেন, যেসব বিমানবন্দর ইরানি বিমান সংস্থাগুলোকে সেবা দেবে, সেগুলোও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এমনকি এসব বিমানবন্দরকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন করা হতে পারে।