
ইরানের ওপর আবারও সামরিক হামলা চালানোর সম্ভাবনা নিয়ে পরবর্তী সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা গ্যাডি আইজেনকটের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৪ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ইসরায়েলের চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে ইরান-সংক্রান্ত গোয়েন্দা তথ্য আইজেনকটের সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্যোগ নেন নেতানিয়াহু। সংবাদমাধ্যমটি সংশ্লিষ্ট বিষয়ে অবগত এক সূত্রের বরাতে জানিয়েছে, এসব গোয়েন্দা তথ্য ইরানে নতুন করে হামলা শুরুর বিষয়ে নেতানিয়াহুর উদ্দেশ্য সম্পর্কে আইজেনকটের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে।
তবে ইরান নিয়ে আলোচনার জন্য মোসাদপ্রধান রোমান গফম্যানের ওয়াশিংটন সফরের বিষয়ে আইজেনকট কিছুই জানতেন না বলে জানিয়েছে চ্যানেল ১২। গফম্যানের এই সফরের তথ্য আইজেনকটের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছিল কি না, সে বিষয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে কিছু বলা হয়নি।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নতুন সরকার গঠনের দায়িত্ব পান আইজেনকট। রাজনৈতিক ক্ষমতার এই পালাবদলের মধ্যেই তাঁদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হলো। এর আগে নতুন সরকার গঠনের আগে অপ্রয়োজনীয় সামরিক অভিযান থেকে বিরত থাকতে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আইজেনকট।
এদিকে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে থাকলেও বর্তমান সময়কে উপযুক্ত মনে করছেন না দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এবং অভিযানের জন্য উপযুক্ত সময় ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাতে কান আরও জানিয়েছে, নতুন করে হামলা চালানোর মতো তাৎক্ষণিক কোনো ইরানি হুমকি দেখছে না ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে দীর্ঘস্থায়ী ও ব্যাপক ক্ষয়ক্ষতির যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছে তারা। ওই সূত্র আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবারও যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে।
এর আগে ইরানের সঙ্গে নতুন সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে, এমন পদক্ষেপ নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে মতবিরোধের খবর প্রকাশ করেছিল চ্যানেল ১২। তবে নেতানিয়াহুর দপ্তর ওই খবর অস্বীকার করে।
অন্যদিকে শুক্রবার হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন হামলার বিষয়ে ওয়াশিংটনের সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে মোসাদপ্রধান রোমান গফম্যান ওয়াশিংটনে সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে।
চ্যানেল ১৩ জানিয়েছে, গফম্যানের এই সফরে ইরানের পারমাণবিক কর্মসূচি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে গোয়েন্দা তথ্য তুলে ধরার কথা রয়েছে। পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে করা চুক্তি ইরান লঙ্ঘন করেছে বলে ইসরায়েলের যেসব অভিযোগ রয়েছে, সেগুলোও উপস্থাপন করবেন তিনি। তবে হারেৎজ জানিয়েছে, এই সফরের বিস্তারিত বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ মন্তব্য করেনি।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি কিংবা ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়ে কোনো সমাধান ছাড়াই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি হতে পারে বলে উদ্বিগ্ন ইসরায়েল। দেশটির আশঙ্কা, এমন কোনো চুক্তির ফলে ইরানের ওপর থেকে চাপ কমে যেতে পারে। এই উদ্বেগের মধ্যেই নেতানিয়াহু এসব তৎপরতা চালাচ্ছেন।
একই সঙ্গে ইসরায়েলের বিরোধী দলের একাংশের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, ক্ষমতা হস্তান্তরের এই সময়ে নেওয়া সামরিক সিদ্ধান্তগুলো পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি