
মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেল, ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগার হাইফার বাজান কমপ্লেক্সে হামলার দাবি উঠেছে ইরানের বিরুদ্ধে। হামলার পর শোধনাগারটিতে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতের কেন্দ্রবিন্দু ছিল বাজান তেল শোধনাগারের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ভেতরে অথবা তার আশপাশে, যা স্থাপনাটির সংবেদনশীল অংশ হিসেবে বিবেচিত।
এর আগেও একাধিকবার এই শোধনাগারকে লক্ষ্য করে হামলা হয়েছে। পূর্ববর্তী হামলাগুলোতে ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে স্থানীয়ভাবে কিছু ক্ষতি এবং সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, “উত্তর ইসরায়েলের একটি স্থানে আঘাতের খবর পাওয়ার পর রিজার্ভ এবং নিয়মিত বাহিনীর উদ্ধারকারী দলগুলো সেখানে রওনা হয়েছে।”
উল্লেখ্য, এর আগেও গত ১৯ মার্চ একই স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে।