
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। একই দিনে ব্যাংকটির তারল্য সংকট মোকাবিলায় আরও ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ জহির হোসেন বলেন, এখন পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। তিনি আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন।
তিনি জানান, যোগ্য, দক্ষ ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের কাজ চলছে। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হুসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ জহির হোসেন বলেন, পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে। ব্যাংকটির কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে আপাতত তিনি এক সদস্যের বোর্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন জানান, বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসেবে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক। তিনি বলেন, প্রাপ্ত অর্থের পুরোটা এখনো ব্যবহার করতে হয়নি। গ্রাহকদের মধ্যে আতঙ্ক কমছে এবং তারা ধীরে ধীরে ব্যাংকের ওপর আস্থা ফিরিয়ে আনছেন বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ব্যাংকের একটি বড় শাখার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আগের তুলনায় হিসাব বন্ধের হার প্রায় ৭৫ শতাংশ কমে গেছে, যা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।
সাবেক চেয়ারম্যানের গাড়ি ব্যবহারের বিষয়ে আলতাফ হুসাইন বলেন, ব্যাংকের নিয়ম অনুযায়ী চেয়ারম্যান একটি গাড়ি ব্যবহার করেন। অপসারণের চিঠি হস্তান্তরের সঙ্গে সঙ্গেই গাড়িটি ফেরত নেওয়া হবে।
এদিকে সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে পুনর্বহালের সম্ভাবনা নাকচ করে দেন মোহাম্মদ জহির হোসেন। তিনি জানান, ওমর ফারুক ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পরিচালনা পর্ষদ তা গ্রহণ করেছে। ফলে তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার সুযোগ নেই।