
ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে তার শপথ নেওয়ার পথ বন্ধ হয়ে গেল। ওই আসনে নতুন করে নির্বাচন হবে কি না, তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীর আইনজীবী শিশির মনির একটি গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম-৪ আসনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ, বিশেষ করে নতুন নির্বাচন হবে কি না, তা আদালতের পূর্ণাঙ্গ রায়ে স্পষ্ট হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন আসলাম চৌধুরী। তবে আপিল বিভাগের পূর্ববর্তী আদেশের কারণে তার নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত ছিল।
এর আগে নির্বাচনের আগে হাইকোর্ট আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখলেও সেই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন একই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে নির্দেশ দেন, আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল প্রকাশ করা যাবে না।
পরে গত ৩১ মার্চ পৃথক আপিল দায়ের করেন আনোয়ার সিদ্দিকী। এরপর ২৮ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত মামলাটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেই আপিলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার প্রার্থিতা বাতিলের রায় দেন সর্বোচ্চ আদালত।