
ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক আর্জেন্টিনা সমর্থক মাদক কারবারির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরানো অবস্থায় গণমাধ্যমে পাঠানোর অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিএমপি কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে তাকে শোকজ করা হয়। বিষয়টি নিশ্চিত করে কমিশনার জানান, শোকজের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবাসহ স্থানীয় শীর্ষ মাদক কারবারি ও আর্জেন্টিনা সমর্থক রাসেল হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। পরে কাউনিয়া থানা পুলিশ জার্সিটি উল্টো করে তার ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়। অভিযোগ রয়েছে, সেখানে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি সম্পাদনা করে তাকে ব্রাজিলের জার্সি পরা অবস্থায় দেখিয়ে গণমাধ্যমে পাঠানো হয়।
ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সম্পাদিত ছবিটি প্রত্যাহার করে প্রকৃত ছবি ও সঠিক তথ্য বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে পুনরায় পাঠানো হয়।
অভিযুক্ত এসআই তানজিল আহমেদ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে বিএমপির মিডিয়া উইংয়ে কর্মরত রয়েছেন। তিনি ঘটনাটি ‘দুষ্টুমির ছলে’ করেছেন বলে স্বীকার করেছেন এবং দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বিএমপির মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন জানান, কমিশনারের দপ্তরে তলব করে এসআই তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। পাশাপাশি তাকে মিডিয়া উইং থেকে প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, “বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এসআইকে শোকজ করা হয়েছে। তার লিখিত জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”