
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিটি বিষয়ের প্রতি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফল পুনর্নিরীক্ষণ ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করতে হবে অনলাইনে। কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। পাশাপাশি আবেদন ও ফি জমা দেওয়ার নিয়মও প্রকাশ করা হয়েছে।
আবেদন করার নিয়ম
১. প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করতে হবে। সেখানে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
২. পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
৩. এরপর স্ক্রিনে পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
৪. প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। পরবর্তী ধাপে মোট প্রদেয় ফির পরিমাণ দেখানো হবে। বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। পোর্টালের ‘পে’ বাটনে ক্লিক করে অর্থ পরিশোধের বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
৫. ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে সে ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
৬. ফি জমা দেওয়ার আগে আবেদন পরিবর্তন করতে চাইলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয় প্রত্যাহার করা যাবে। এরপর নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি পরিশোধ করে আবেদন জমা দিলে সংশ্লিষ্ট বিষয় আর বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই জমা দেওয়া ফি ফেরত পাওয়া যাবে না।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৭ নভেম্বরের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন ও ফি পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।