
দেশে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে এলপিজি আমদানিতে বড় ধরনের রেলাক্সেশন ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এলসি সংক্রান্ত জটিলতা কমানোর উদ্দেশ্যে বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-২ থেকে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের প্রয়োজনীয় জ্বালানি আমদানি নির্বিঘ্ন করতে এবং এলসি জটিলতা দূর করতে, সংশ্লিষ্ট খাতের জন্য এলসি মার্জিনসহ কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের শর্ত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে না। এই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬খ(১) ধারার নির্দিষ্ট বিধানকে সাময়িকভাবে স্থগিত করছে।
তবে, ২৬খ(১) ধারায় উল্লেখিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন ঊর্ধ্বসীমা নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের কাছে থাকবে।
এ নির্দেশনা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতার আওতায় জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।