
এশিয়ার দুই দেশে কয়েক ঘণ্টার ব্যবধানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের ওকিনাওয়া উপকূলে ৬ দশমিক ১ এবং ইন্দোনেশিয়ার উত্তর মালুকু অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হলেও কোথাও সুনামির সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের হিরাত উপকূলসংলগ্ন পূর্ব চীন সাগরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিরাত শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে।
সমুদ্রের প্রত্যন্ত এলাকায় ভূমিকম্পটির কেন্দ্র হওয়ায় জনবসতিপূর্ণ অঞ্চলে বড় ধরনের প্রভাব পড়েনি। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা সুনামির আশঙ্কার তথ্যও পাওয়া যায়নি।
অন্যদিকে, একই দিনে স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের টোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে ৬ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। তাৎক্ষণিকভাবে হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান ও ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। উভয় দেশই একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এ ধরনের ভূকম্পন সেখানে নিয়মিত ঘটনা।